বার্তা সংস্থা আবনা : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র তৈরি ড্রোন নিয়ে উদ্বেগে রয়েছে ইহুদিবাদী ইসরাইলের বিমানবাহিনী। তারা আশঙ্কা করছে- হিজবুল্লাহ আরো ড্রোন পাঠাতে পারে।
আর এ খবর দিয়েছে খোদ ইসরাইলের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক হারেতজ। দু'মাস আগে, ইসরাইলের ভেতরে হিজবুল্লাহ একটি ড্রোন পাঠায়। সে সময় ইসরাইলের রাডার ফাঁকি দিয়ে হিজবুল্লাহর ড্রোন ইসরাইলের আকাশসীমায় ঢুকে পড়ে এবং প্রায় দু'ঘণ্টা ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সম্পর্কে নানা তথ্য পাঠানোর পর ইসরাইলি বাহিনী ওই ড্রোন গুলি করে ভূপাতিত করে।
আরো ড্রোন পাঠানোর সম্ভাবনা সম্পর্কে ইসরাইলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির এশেল গতকাল (বুধবার) হারেতজকে বলেছেন, প্রথম দফায় হিজবুল্লাহ সাফল্য পাওয়ায় তারা এ কাজে অনেক বেশি উতসাহী হয়ে উঠেছে। তিনি আরো জানান, হিজবুল্লাহর ড্রোন ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক ভরে পাঠানো সম্ভব এবং পরে একে রকেট হিসেবে ব্যবহার করা যায়।
মেজর জেনারেল আমির এশেল বলেন, হিজবুল্লাহ নানা আকারের ড্রোন পাচ্ছে এবং সবচেয়ে মুশকিল হলো- ছোট ড্রোনগুলো চিহ্নিত করা খুবই কঠিন। তবে সেই সঙ্গে তিনি খানিকটা সান্ত্বনামূলক কথাও বলেছেন। আমির এশেল বলেন, "ইসরাইলের প্রতিরক্ষা ব্যুহ কেউ কখনো ভেদ করতে পারবে না।"
তবে, বাস্তবতা হচ্ছে- ১১ অক্টোবর পাঠানো হিজবুল্লাহর ড্রোন ইসরাইলের কয়েকশ' কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে এমনকি দিমোনা পরমাণু স্থাপনার কাছে চলে গিয়েছিল। পরে হিজবুল্লাহ ওই ড্রোনের দায়-দায়িত্ব স্বীকার করে এবং ইরান জানিয়েছিল- তেহরান হিজবুল্লাহকে ড্রোনের প্রযুক্তি দিয়েছে।#রেডিও তেহরান